সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হে নিজের পোষা কুকুরগুলো প্রেসিডেন্ট প্রাসাদে ফেলে রেখে চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রাণী অধিকার রক্ষা সংগঠনগুলো। তারা পার্কের বিরুদ্ধে প্রাণী আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।
ব্যক্তিগত লাভের লক্ষ্যে চোই নামে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ৯ ডিসেম্বর পার্ক জিউন হেকে অভিশংসনের পক্ষে রায় দেয় উত্তর কোরিয়ার পার্লামেন্ট সদস্য। এর বিরুদ্ধে আদালতে মামলা করা হলে শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত পার্লামেন্টের সিদ্ধান্তই বহাল রাখার পক্ষে রায় দেয়। এরপর রোববার সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউস থেকে বিদায় নিয়ে রাজধানী সিউলের দক্ষিণে স্যামসেয়ং জেলায় তার নিজ বাড়িতে চলে যান পার্ক।

তবে ব্লু হাউস ছেড়ে যাওয়ার সময় নিজের ৯টি পোষা কুকুর সঙ্গে নিয়ে যাননি পার্ক। দ্য বুসান কোরিয়া অ্যালায়েন্স ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (বুসান কাপসা) নামের একটি সংগঠন দাবি করেছে, এর মাধ্যমে পার্ক প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করেছেন। এছাড়া আরো একটি প্রাণী অধিকার রক্ষা সংগঠন একই দাবি করে কুকুরগুলোর জন্য নতুন বাড়ি খোঁজার আহ্বান জানিয়েছে।
তবে পার্কের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কুকুরগুলোকে তাদের জন্মস্থানে যাতে রাখা হয় সেজন্যই পার্ক সেগুলো নিয়ে আসেননি। তিনি বলেন, ‘ তিনি (পার্ক) প্রেসিডেন্ট প্রাসাদের কর্মচারীদেরকে কুকুরগুলোর প্রতি যত্ন নেওয়ার কথা বলে এসেছেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ভালো কোনো পালক বাসায় রেখে আসা হয় তার নির্দেশনা দিয়ে এসেছেন।’
সূত্র: রাইজিংবিডি










