নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসনের মাত্র পৌনে দুই লাইনের একটি চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে ওই চিঠিতে ‘জাতীয় শোক দিবস’ বলে অভিহিত করেছে রাজশাহী জেলা প্রশাসন। ১৭ মার্চ দিবসটি পালনে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাজশাহী উপকেন্দ্রের প্রধানকে এই চিঠি দেয়া হয়েছে।
এদিকে, জেলা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সরকারী দফতর থেকে এ ধরনের কাণ্ডে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারীরা। তারা বলছেন, এটি নিছক ভুল নয়। বরং বঙ্গবন্ধুর প্রতি চরম অশ্রদ্ধা, গাফিলতি ও কটাক্ষ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রক্তিম চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিবস ও জাতীয় শোকদিবস’ ২০১৭ পালন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠির তারিখ ০৮ মার্চ ২০১৭ ও স্মারক নং ০৫.৪৩.৮১০০.০১৩.০৮.০৩৭.২০১৭-৩০২।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘জাতীয় শোক দিবস’ উল্লেখ করে চিঠি লেখায় তীব্র ক্ষোভ জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, জাতির পিতার জন্মদিন বা জাতীয় শিশু দিবসকে জেলা প্রশাসন ‘জাতীয় শোক দিবস’ লিখেছে। এটি ভুল নয়। নিঃসন্দেহে ঔদ্ধত্যপূর্ণ। যারা বঙ্গবন্ধুর অবদান স্বীকার করতে চায় না ও অসম্মান করে তারাই একাজ করেছে। এটি খাটো করে দেখার সুযোগ। এই চিঠির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
এবিষয়ে সহকারী কমিশনার রক্তিম চৌধুরীর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি ঢাকায় আছেন।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত। কম্পিউটারে আগের চিঠি দেখে হয়তো কপি পেস্ট করা হয়েছে। একারণে এমনটি হতে পারে। তবে চিঠিটি যে ব্যক্তি ড্রাফট করেছেন, তাকে তলব করা হয়েছে। এরই মধ্যে এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকও হয়েছে। তবে আমরা চিঠিটি সংশোধন করে প্রাপকের কাছে আবার পাঠিয়েছি’।
স/আর









