সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছর শেষে তার বেতন দান করে দেবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যম এমএসএনবিসি এক প্রতিবেদনে প্রশ্ন তোলে, বেতন দানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, সেই দানের চেক কোথায় দিয়েছেন তিনি। এরপর সোমবার ট্রাম্পের বেতন দানের বিষয়ে নিশ্চয়তা দিলেন স্পাইসার।
এনবিসি নিউজ অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
রোববার এমএসএনবিসির আইনবিদরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পার্সনেল ম্যানেজমেন্টের কাছে চিঠি দিয়ে জানতে চান, ফেব্রুয়ারি মাসের বেতন ট্রাম্প কোথায় দান করেছেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক কথা বলেছিলেন ট্রাম্প। আসলেই কোন প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন, তা নিয়ে নানা প্রশ্ন ছিল। এবার ট্রাম্পের বেতন দানের ওয়াদা নিয়েও প্রশ্ন উঠল।
ট্রাম্প তার সরকারি বেতন কোথায় দান করবেন, তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্পাইসার। তিনি বলেন, ট্রাম্প তার বেতন কোথায় দান করবেন, সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ পেলে খুশি হবেন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মাসিক বেতন ৪ লাখ ডলার। নির্বাচনী প্রচারের সময় তিনি ওয়াদা করেন, প্রেসিডেন্ট হলে তিনি সরকারি বেতন নেবেন না। পরে জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি মাসে ১ ডলার বেতন নেবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও বেতন ভোগ না করে তা কল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করেছিলেন প্রাক্তন দুই প্রেসিডেন্ট হার্বার্ট হুবার ও জন এফ কেনেডি।
সূত্র: রাইজিংবিডি










