সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মনোহর পারিকরের শপথ নেওয়ায় আদালতের আপত্তি নেই

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মনোহর পারিকরের শপথ নেওয়ায় আদালতের আপত্তি নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিকরের শপথ নেওয়ায় আপত্তি না থাকলেও দেশটির সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, শিগগিরই ফ্লোর টেস্ট করতে হবে।

বিধানসভায় আস্থা ভোটে জিতলেই শুধু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি, তার আগে নয়।
মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।

গোয়ায় সরকার গঠনে রাজ্য গভর্নর মৃদুলা সিনহা বিজেপিকে আমন্ত্রণ জানায়। সরকার গঠনের মতো প্রয়োজনীয়সংখ্যক এমএলএ-এর সমর্থন রয়েছে, এমন প্রমাণ দেওয়ার পরই মৃদুলা সিনহা বিজেপি নেতা মনোহর পারিকরকে মুখ্যমন্ত্রী নিয়োগ দিয়ে সরকার গঠনের আহ্বান জানান।

গভর্নরের এই নির্দেশকে ‘অসাংবিধানিক’ উল্লেখ করে মামলা করে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া কংগ্রেস। তাদের অভিযোগ, একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে সরকার গঠনের আহ্বান না জানিয়ে গভর্নর সংবিধান লঙ্ঘন করেছেন। কিন্তু আদালত তাদের অভিযোগ খারিজ করে দিয়েছেন।

আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মনোহর পারিকরের। রোববার তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

আদালত রাজ্য গভর্নর মৃদুলা সিনহাকে নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টায় বিধানসভায় মনোহর পারিকরের মুখমন্ত্রী পদে থাকা না থাকা নিয়ে আস্থা ভোট আয়োজন করতে। যদি আস্থা ভোটে হেরে যান, তবে সরকার গঠনের জন্য কংগ্রেসকে আহ্বান জানাবেন গভর্নর।

রায়ে প্রধানবিচারপতি খেহার বলেন, ‘আপনাদের (কংগ্রেস) সরকার গঠনের মতো সংখ্যা (এমএলএ) নেই, যে কারণে আপনারা সরকার গঠনের দাবি জানাননি… তা ছাড়া আপনারা গভর্নরের কার্যালয়ের সামনে ধর্না দেননি যে, সরকার গঠনের মতো সংখ্যা রয়েছে আপনাদের পক্ষে।’

কংগ্রেস দাবি জানায়, সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক প্রথা ও বৈশিষ্ট্য হলো, একক বৃহত্তম দলকে সরকার গঠনের সুযোগ দিওয়া এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দেওয়া।

বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় ১৭টি আসন, বিজেপি পায় ১৩টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন। এই রাজ্যের মোট আসন ৪০টি। কিন্তু বিজেপি ছোট ছোট দলের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রয়োজনীসংখ্যক আসন নিশ্চিত করায় গভর্নর তাদের সরকার গঠনের আহ্বান জানান।

সূত্র: রাইজিংবিডি