কমলা হ্যারিসের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। নিজেকে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। অল্প বয়সে মা-বাবার বিচ্ছেদের পর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়েছে। জীবন ও জীবিকার তাগিদে একদা কানাডা এবং পরবর্তী সময়ে আবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফিরে এসে পড়াশোনা ও কাজ—একাধারে এই দুটিই চালিয়ে যেতে হয়। সে সময়ের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য হয়ে পরিবারের যৎসামান্য আয়ের সঙ্গে নিজের কাজের আয়কে যুক্ত করে সংসার চালাতে হতো। তিনি বেশ কয়েক বছর কাজ করেছেন ফাস্ট ফুড কম্পানি ম্যাকডোনাল্ডসে, যেখানে তিনি মার্কিন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর দুর্দশার চিত্র নিজের চোখে দেখেছেন। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণাগুলোতে তাই তিনি এসব অভিজ্ঞতার বিষয়কে তুলে ধরে নিজের জীবন থেকে দেখা এবং শেখা অভিজ্ঞতা দিয়ে আগামী দিনে মার্কিন জনগণের জীবনযাত্রার পরিবর্তনে কাজ করবেন বলে অঙ্গীকার করছেন। নির্বাচনে তাঁর রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে, যিনি সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাঁর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে রিপাবলিকান অধ্যুষিত রাজ্যটিতে ডেমোক্রেটিক শিবিরের ঝাণ্ডা ওড়াতে সক্ষম হয়েছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিনেসোটা মার্কিন রাজনীতিতে একটি অন্যতম সুইং স্টেট হিসেবে পরিচিত। ১২ বছর ধরে এই রাজ্যটিতে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে জয়ী হয়ে আসছে, যার অন্যতম কৃতিত্ব টিমের। এবারের নির্বাচনে তাঁকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই রাজ্যটি এবং সঙ্গে প্রতিবেশী কয়েকটি রাজ্যের ভোটারদের প্রভাবিত করার একটি প্রচেষ্টা লক্ষণীয়। কারণ গ্রামের ভোটারদের মধ্যে টিমের একটি বিশেষ প্রভাব রয়েছে এবং তিনি খুব সহজে তাঁদের কাছে পৌঁছতে পারেন।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া রানিং মেট জেডি ভেন্স অনেকটা ট্রাম্পের মতোই, মধ্যবিত্ত সমাজের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা খুব একটা বেশি নেই। তবে এ ক্ষেত্রে ট্রাম্পের জন্য জেডিকে বেছে নেওয়ার প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রব্যাপী শ্রমিক শ্রেণির সঙ্গে তাঁর সখ্য, সংযোগ স্থাপন এবং তাদের উৎসাহিত করতে বিশেষ দক্ষতার জন্য। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি তাঁর স্মৃতিকথা বিষয়ক বইয়ে করপোরেট সংস্কৃতি কিভাবে রাজনীতি এবং বিশ্বদর্শনকে প্রভাবিত করে, সেগুলো তুলে ধরেছিলেন; যেখানে শ্রমিক শ্রেণির বৈষম্যের অনেক বিষয় উঠে এসেছে। আর এর মধ্য দিয়ে তিনি মার্কিন রাজনীতিতে অনেকটা পরিচিত হয়ে ওঠেন। ট্রাম্পের এ ক্ষেত্রে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে, এর আগেরবারের নির্বাচনে তাঁর বিখ্যাত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ দিয়ে জয়ী হয়ে কাজ শুরু করলেও নির্ধারিত চার বছর মেয়াদে এ ক্ষেত্রে খুব একটা সফলতা দেখাতে পারেননি, উপরন্তু বিভিন্ন বাণিজ্য জোট থেকে সরে আসা, বিভিন্ন দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে লাগাম টানা এবং এসবের বিপরীতে মূলধারার মার্কিনদের জন্য নতুন কোনো বিকল্প হাজির করতে পারেননি। এসব কারণে উপলব্ধি করতে পারছেন যে মোট ভোটারের একটি বড় অংশ, যারা গ্রামীণ এবং নিম্ন আয়ের, তাদের কাছে পৌঁছতে হলে তাঁকে সে রকম কৌশল অবলম্বন করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের বৈশ্বিক দর্শন অর্থাৎ বিশ্বরাজনীতিতে মার্কিন আধিপত্যকে ধরে রাখতে তাঁরা কী ধরনের ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে ট্রাম্পের বিশ্বরাজনৈতিক দর্শন সম্পর্কে মার্কিন জনগণ কিছুটা ধারণা পেয়েছে তাঁর কার্যকাল পর্যবেক্ষণে। তাঁর সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগটি হচ্ছে মার্কিন প্রভাবকে তিনি সে রকমভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পরিবর্তে রাশিয়ার পুতিনকে অনেক বেশি শক্তিশালী করেছেন এবং রাশিয়ার আধিপত্যবাদকে বিস্তৃত হতে দিয়েছেন। ২০১৬ সালে তাঁর নির্বাচনে জয়ের ক্ষেত্রে পুতিনের পরোক্ষ প্রভাব ছিল বলে জোর গুঞ্জন রয়েছে মার্কিন রাজনীতিতে। বাইডেন এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোকে একত্র করতে সক্ষম হয়েছেন এবং রুশ আধিপত্যকে খর্ব করতে এখন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমলা হ্যারিস তাঁর প্রশাসনে কাজ করছেন। সেই সূত্রে বলা যায়, নির্বাচিত হলে তিনি বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাকেই অক্ষুণ্ন রাখবেন। এ ক্ষেত্রে অবশ্য বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মার্কিন সমাজে এক ধরনের অসন্তোষ বিরাজ করলেও ট্রাম্পের নির্বাচনী প্রচারে এ বিষয়ে বাইডেন প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলোর পরিবর্তে নতুন কোনো বক্তব্য নেই; যার অর্থ দাঁড়াচ্ছে আগামী দিনে যে প্রশাসনই আসুক না কেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
বাস্তবিক অর্থে মার্কিন প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের ভূমিকা খুব একটা আলোচিত না হলেও নির্বাচনকে কেন্দ্র করে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বাছাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণে যে প্রেসিডেন্ট প্রার্থীর যে সীমাবদ্ধতাগুলো ভোটের ক্ষেত্রে এককভাবে সমাধান করা সম্ভব নয়, সেগুলোকে অতিক্রম করতে এমন কাউকে বাছাই করা, যাঁর মধ্য দিয়ে একটি জুটি তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এ ক্ষেত্রে ট্রাম্প ও কমলা দুজনই তাঁদের রানিং মেট বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলা যায়। তার পরও আমরা নিশ্চিত করে বলতে পারি না, নির্বাচনে আসলে চূড়ান্ত ফল কী হতে যাচ্ছে। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যখন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিলেন, নির্বাচনের আগের প্রায় প্রতিটি জনমত জরিপেই তিনি হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন এবং তিনটি প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রতিটিতেই তিনি হিলারির কাছে কুপোকাত হয়েছিলেন। এর পরও দেখা গেল মোট ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও প্রাপ্ত ইলেকটোরাল কলেজের হিসাবের জেরে হিলারি পরাজিত হলেন। এ ঘটনায় অনেকেই এমনও ধারণা করেছিলেন যে মার্কিন জনগণ আসলে তাদের প্রেসিডেন্ট হিসেবে কোনো নারীকে দেখতে এখনো প্রস্তুত নয়। বিষয়টি কি আসলেই এ রকম কি না, সেটি এক হিলারির পরাজয়ের মধ্য দিয়ে পরীক্ষিত নয়, তবে কমলার জন্য চ্যালেঞ্জিং বটে, কেননা তিনি দ্বিতীয় নারী হিসেবে এক ধরনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এই পদের জন্য নির্বাচন করতে যাচ্ছেন। তবে যদি এই পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হন, তাহলে নিশ্চয়ই এটিও বলা যাবে যে তিনিই শেষ নন, বরং একটি অধ্যায়ের সূচনা করলেন।

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
mfulka@yahoo.com
সূত্র: কালের কণ্ঠ










