নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মতিহার থানার ডাশমারী এলাকায় পুলিশের গুলিতে আফজাল হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) গভীর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। আফজাল ওই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
রাজশাহীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব হোসেন জানান, রোববার গভীর রাতে ডাশমারী এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলছিল। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে চায় পুলিশ।
কিন্তু দরজা খুলেই পুলিশের ওপর হামলা চালায় ওই মাদক ব্যবসায়ী। তিনি ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে দুই পুলিশ কনস্টেবল ও মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত চন্দ্র রায় আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল নাইম, সুজন ও ফাতেমা।
পরে পুলিশ গুলি চালায়। এতে আফজাল হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষ হলে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মতিহার থানার এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের জানান, এই ঘটনায় আহত দুই পুলিশ কনস্টবল ও মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত চন্দ্র রায়কে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশের অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় মামলা হবে বলেও জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।
স/অর









