নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ব যখন জঙ্গিদের নিয়ে বিচলিত, তখন বাংলাদেশ এই সাফল্য অর্জন করতে পেরেছে। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলা এবং কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর আক্রমণ চালিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না এমন মন্তব্য করেছেন । মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা ও শাহ মখদুম থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ থেকে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করেছেন। সর্বপরি দেশের মানুষ ছিল ঐক্যবদ্ধ। যতদিন দেশের সাধারণ মানুষ একত্রিত থাকবেন ততদিন এদেশে জঙ্গি-সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
দুইদিনের সফরে মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহীতে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রথমে জেলার পবা ও পরে মহানগরীর শাহমখদুম থানা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দিন এমপি, আকতার জাহান এমপি, আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞাঁসহ পুলিশের কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পবা ও শাহমখদুম থানা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পবা থানা কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ও ভিকটিম সাপর্ট সেন্টারসহ শাহমখদুম থানা কমপ্লেক্সে ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
বুধবার সকাল ১০টায় রাজশাহী ঐতিহাসিক মাদরাসা ময়দানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
স/শ
দেশে জঙ্গি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী









