সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের ফোনে আড়িপাতা নিয়ে এফবিআই পরিচালক জেমস কমির বক্তব্য বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন।
যোগাযোগ বিষয়ক উপপরিচালক সারাহ’র কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্প টাওয়ারের ফোনে আড়িপাতা হয়নি বলে কমি যে বক্তব্য দিয়েছেন ট্রাম্প তা বিশ্বাস করেন কিনা।

জবাবে সারাহ বলেন, ‘না, আমি মনে করি না তিনি এটা বিশ্বাস করেন। প্রেসিডেন্ট চান সত্যটা আমেরিকান নাগরিকদের সামনে প্রকাশিত হোক।’
তিনি বলেন, তিনি (প্রেসিডেন্ট) সিনেটের ইন্টিলিজেন্স কমিটিকে এ বিষয়ে জানিয়েছেন এবং এই প্রক্রিয়াতেই আমারা অগ্রসর হতে পারি।’
এর আগে ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী কেল্লিয়ান কনওয়ে সোমবার ফক্স নিউজকে বলেছিলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিকভাবে প্রভাবিত কিছু ঘটনা ঘটেছে।
শনিবার ট্রাম্প অভিযোগ করেছিলেন, নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাততে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে পরের দিন এফবিআই পরিচালক জেমস কমি জানিয়েছেন, ট্রাম্প টাওয়ারের ফোনে কখনোই আড়ি পাতা হয়নি।
সূত্র: রাইজিংবিডি










