সিল্কসিটিনিউজ ডেস্ক:
চীনে টয়লেটের জন্য তার প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেছে এক নারী। বিয়ের প্রস্তাব প্রত্যাখানের ওই ভিডিওটি ইতিমধ্যে চীনের অনলাইন জগতে ভাইরাল হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
মেট্রোপলিস এক্সপ্রেস নামে স্থানীয় একটি দৈনিক জানিয়েছে, দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের নাননিং শহরের একটি সড়কে দাঁড়িয়ে এক বিকেলে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার প্রেমিক। ব্যস, এতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই নারী। তিনি সেখানে দাঁড়িয়েই চিৎকার করে বলতে থাকেন, ‘তোমার বাসায় একটি টয়লেটও নেই। এমনকি গোসলের জায়গাটিও নেই। আর তুমি কিনা আমাকে বিয়ের কথা বলছ?’ প্রেমিকার চিৎকারে ততক্ষনে আশেপাশে লোকজন জমে গেছে। লোকটি অবশ্য এর কোনো উত্তরই দেয়নি। পরে তিনি সেখান থেকে হেঁটে চলে যান।
শনিবার দৈনিকটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। মাত্র একদিনে এটি ১ কোটি বার দেখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই নারীর এই আচরণের সমালোচনা করেছেন। আবার অনেকে বলেছেন, প্রেমিকের চোখে বাস্তব চিত্রটি দেখিয়ে দিতে তিনি উচিৎ কাজটিই করেছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ একটি টয়লেট… এটাতো ন্যূনতম চাহিদা।’
সূত্র: রাইজিংবিডি










