
সিল্কসিটি নিউজ ডেস্ক
চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের অর্ধেক বাস্তবায়ন করেছে বিদায়ী সরকার। বাকি অর্ধেক বাস্তবায়ন করবে নতুন সরকার। সামষ্টিক অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে চলতি অর্থবছরের বাজেটীয় লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত মাসে সর্বশেষ সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অর্থনীতির জন্য ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছেÑ খাদ্যমূল্য নিয়ন্ত্রণে এনে মানুষকে শান্তি দেওয়া, নতুন কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধি, ডলারের বাজার নিয়ন্ত্রণে রেখে রিজার্ভ বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যে ও লেনদেনে ভারসাম্য আনা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং রাজস্ব আয় বাড়িয়ে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।
রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থবারের মতো নতুন সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সামনের পাঁচ বছর আর ভুল করতে চায় না আওয়ামী লীগ সরকার। এ জন্য শুরু থেকেই পরিকল্পনামাফিক দেশের উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে নিতে চায় সরকার।
নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দায়িত্ব নিয়েই বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করব।
এদিকে বাংলাদেশ ব্যাংক মনে করে, উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনীতিতে চলমান সংকটকে আরও প্রকট করেছে ডলার সংকট। ডলার সংকটের কারণে বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়ন হয়েছে রেকর্ড মাত্রায়। এতে করে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে লাগামহীনভাবে। টানা দুবছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির চাপ দুই অঙ্কের ঘর ঘর ছুঁইছুঁই করছে। সবচেয়ে কম দামি সবজি আলুর কেজি এখনো ৬০-৭০ টাকা। এমনকি জীবন রক্ষাকারী ওষুধের দামও মানুষের নাগালের বাইরে চলে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছর দেশ শাসনের শেষ পাঁচ বছর মানুষকে সবচেয়ে বেশি অস্বস্তি দিয়েছে এই দ্রব্যমূল্য। এই অস্বস্তি থেকে মুক্তি দিতে মেয়াদের শুরু থেকে কার্যকর পদক্ষেপ নিতে চায় সরকার।
এ ছাড়া আয় ও আয়ের উৎসব বৃদ্ধির জন্য শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। এর জন্য অবশ্য সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক খাতের কাঠামোগত বিভিন্ন রকম সংস্কার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আর্থিক খাতের সংস্কারের জন্য অবশ্য ব্যাংক খাতের দুর্নীতি কমাতে ইতোমধ্যে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতের বিভিন্ন আইন ও কাঠামোগত সংস্কারেও আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে এ রকম প্রতিশ্রুতি দিয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে রেখে রিজার্ভ বৃদ্ধি করাও আরেকটি অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে।








