জাতীয়

সারাদেশের ২৫ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। এর মধ্যে ১০ হাজার ৩০০ কেন্দ্রকে (২৫ শতাংশ) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসির একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ১৫ থেকে ১৭ সদস্যের নিরাপত্তা দল। সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত অস্ত্রধারী নিরাপত্তা সদস্য রাখার কথাও বলা হয়েছে ইসির প্রজ্ঞাপনে।

জানা গেছে, ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল থাকবে মেট্রোপলিটন এলাকার ভেতরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে। এর মধ্যে অস্ত্রধারী তিন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং আরও ১০ জন আনসার সদস্য থাকবেন। মেট্রোপলিটন এলাকার বাইরের প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ১৫ থেকে ১৬ সদস্যের নিরাপত্তা দল। এদের মধ্যে অস্ত্রধারী দুজন পুলিশ, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার এবং ১০ জন নিরস্ত্র আনসার থাকবে। লাঠি হাতে থাকবেন গ্রাম পুলিশের সদস্য একজন বা দুজন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জনের নিরাপত্তা দল থাকবে। সেখানে অস্ত্রধারী পুলিশ থাকবেন তিনজন।

ভোট কেন্দ্রগুলোতে ৬ লাখ ৮৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে ২ লাখ ১৫ হাজার সদস্য। ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।

 

 

ট্যাগ: