সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাক-আফগান সীমান্তে নিজেদের অবস্থান আরও জোরালো করার পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। কাতারভিত্তিক সংবামাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই সীমান্তে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে তারা।

আফগানিস্তানে অব্যাহত রয়েছে তালেবান জঙ্গিদের ধারাবাহিক হামলা। এর পাশাপাশি আইএসের অবস্থান শক্ত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তা নতুন চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে।
কংগ্রেসের ভাষণে ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাস নির্মূল করতে চান। তবে আফগানিস্তান নিয়ে তিনি কিছু বলেননি। স্বাভাবিকভাবেই আফগানিস্তানে আইএসের কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চেয়ে দেশটির স্থানীয় কর্মকর্তারা বেশি চিন্তিত।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র শাহ হুসাইন বলেন, আইএস শুধু এই অঞ্চলে নয়, সারাবিশ্বের জন্যই হুমকি। সম্প্রতি পাকিস্তানে সুফি মাজারে আইএসের হামলায় ৯০ জন নিহত হয়েছে। এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানে ইসলামিক স্টেটের কোনো ঘাঁটি নেই। তবে তাদের অনুসারী রয়েছে।হামলাকারীরা সবাই আফগানিস্তান থেকে ঢুকে।
আফগানিস্তানে দায়িত্বপালনরত মার্কিন কমান্ডার জেনারেল জন নিকলসন বলেন, তারা আইএসের দুই-তৃতীয়াংশ ঘাঁটি ধ্বংস করেছেন। জন নিকলসন বলেন, ২০১৭ সালেই আফগানিস্তানে আইএস নির্মূল করতে বেশ কয়েকটি অভিযান চালানো হবে। মার্কিন কর্মকর্তারা মনে করছে, নঙ্গহার আর কুনার প্রদেশে আইএস রয়েছে। অন্যান্য এলাকায় বন্দুকধারীরা আইএস পরিচয় দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। কাবুল মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল চার্লস ক্লিভল্যান্ড বলেন, ‘আপনি যদি বলেন আপনার এলাকায় আইএস আছে, তবে স্বাভাবিকভাবেই সবার মনোযোগ আপনার দিকে থাকবে। ক্লিভল্যান্ড বলেন, জঙ্গির সংখ্যা ৭০০ এর মতো হবে। তবে আফগান কর্মকর্তারা দাবি করেন এই সংখ্যা ১৫০০ এরও বেশি।
এদিকে পাক-আফগান অঞ্চলে আইএস মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ইরাক ও সিরিয়া পেরিয়ে পাকিস্তান ও আফগানিস্তানেও আইএস নির্মূলে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, নতুন এই পদক্ষেপ আসলে ওবামা প্রশাসনের পরিকল্পনারই অংশ। তারা স্থানীয় বাহিনীর সহায়তায়ই সন্ত্রাস দমন করতে চায়। জন নিকলসন বলেন, আল-কায়েদা তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া লস্কর-ই তায়িবাও এই অঞ্চলে সক্রিয় রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপটেন জেফ ডেভিস বলেন, আইএস দমনে তাদের কিছু পরিকল্পনা রয়েছে। তবে সেটা কোনোভাবেই খোলাসা করতে চান না তারা।
নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তিনি আইএস নির্মূলে পদক্ষেপ নেয়ার জন্য ৩০ দিনের মধ্যে পরিকল্পনার তৈরি করতে বলবেন। ওবামা প্রশাসন নতুন সৈন্য পাঠানোর বিপক্ষে ছিলো। তবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা মতে আরো মার্কিন সেনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন










