সিল্কসিটি নিউজ ডেস্ক :
হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি।
যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের বরাত দিয়ে সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক দূতাবাস কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯শতে দাঁড়িয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত বিয়ারিতে ৭০-১০০ জনের মতো হামাস যোদ্দাকে হত্যা করা হয়েছে।
হামাসের হামলায় নিহতদের মধ্যে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনাসদস্যও রয়েছে। প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরে ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে তারা। নিহতরা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।
এদিকে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬৯০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৪ হাজার ফিলিস্তিনি।










