
লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রাস্তার পাশে ভ্যানগাড়ি রেখে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আফসার আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটর সাইকেল চালক রকি (২৫) আহত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় ঈশ্বরদী-লালপুর সড়কের লক্ষীপুর হাটে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত চেরু মন্ডলের ছেলে। নিহত আফসার ২য় বিবাবহ করে উপজেলার ভাটপাড়া গ্রামের শশুড়বাড়িতে বসবাস করতেন। রকি বালিতিতা ইসলামপুর গ্রামের শফি সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন।
স্থানীয় সূত্রে জানাযায় আফসার আলী তার নিজস্ব ব্যাটারি চালিত ভ্যানগাড়ি রাস্তার পাশে রেখে রাস্তার অপর পাশে দোকানে যাবার সময় লালপুর হতে ঈশ্বরদীগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা মোটর সাইকেল চালকসহ তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অলিউজ্জামান পান্না প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর নামক স্থানে আফসার আলীর মৃত্যু হয়।
নিহত আফসার আলীর জামাতা শাহাবুল ইসলাম জানান তার শশুড় প্রতিদিনের ন্যায় ভাড়া চালিত ভ্যান গাড়ি নিয়ে বের হন। লোক মারফত জানতে পারেন যে, তার শশুড় লক্ষীপুর হাটে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। পরে রাজশাহী নেওয়ার পথে বানেশ্বর নামক স্থানে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।









