রাজশাহী

পুঠিয়ায় সিডি চুরির অপবাদ দিয়ে শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় চুরির অপবাদে ট্রাকের সঙ্গে বেঁধে নাজমুল হক নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটিকে ধরে মেরে মাথার চুল কেটে কালি মাখিয়ে দেয়া হয়।

 

মঙ্গলবার সকালে পুঠিয়া সদরের খাঁন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নাজমুল (১২) উপজেলার বারোইপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া সদরের খাঁন ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি ডিক্স চুরি হয়ে যায়। এ ঘটনার পরে ওই চুরির সঙ্গে জড়িত থাকার অপবাদ দিয়ে ওই বাসেরই সহকারী নাজমুল হককে সন্দেহ করে চালকসহ অন্যরা। এরপর ভোর ছয়টার দিকে নাজমুলকে একটি ট্রাকের সঙ্গে বেঁধে রাখা হয়।

 

পরে সকাল ১০ টার সময় পাম্পের কর্তব্যরত কর্মচারীরা শিশু নাজমুলকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।

 

তাকে নির্যাতন করে ওই গাড়ীর সুপারভাইজার নুরুল ইসলাম, চালক আক্কেল হোসেন, সহকারী আলমগীর হোসেন, জুলমত আলী ও মিন্টুসহ পাম্পের দুই কর্মচারী। পরে স্থানীয়রা এগিয়ে এলে নাজমুল হককে ছেড়ে দেওয়া হয়।

 

নির্যাতিত শিশু নাজমুলের বাবা হাফিজুর রহমান বলেন, তারা আমার ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অন্যায়ভাবে অমানুষিক ভাবে মেরেছে আমি এর বিচার চাই।

তবে খাঁন ফিলিং স্টেশনের মালিক আল মামুন খাঁন বলেন, নির্যাতনের ঘটনাটি আমার জানা নেই। তবে বিপি গাড়ির কর্মচারীরা ঘটনাটি ঘটাতে পারে।

তবে স্থানীয় সূত্রে থেকে জানা যায়, মামুন ও তার পাম্পের কর্মচারীরাই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন।

 

জানতে চাইলে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, শিশুটির বাবা শিশুটিকে নিয়ে থানায় এসেছে। তাকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ঘটনায় ওই গাড়ির সুপার ভাইজার নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালকসহ তার অন্য সহযোগীরা পলাতক রয়েছে। ফিলিং স্টেশনের কর্মচারীরাও গা ঢাকা দিয়েছে।

স/তা