রাবি প্রতিনিধি:
টানা ১৩ দিনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী স্থগিত করে আগামীকাল রোববার থেকে ক্লাসে ফিরছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা। শনিবার দুপুরে শিক্ষক সমিতির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আলিম।
তিনি আরো জানান, রুয়েটের চলমান অচলাবস্থার প্রেক্ষিতে শিক্ষক সমিতির সভায় সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে। এছাড়াও উপাচার্যের সাথে দেখা করা হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষনার বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি থেকে রুয়েটের শিক্ষার্থীরা বাধ্যতামূলক ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। ৪ ফেব্রুয়ারি দুপুর থেকে ৫ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একাডেমিক কাউন্সিলের সদস্য ও ডীনদের অবরুদ্ধ করে রাখার পর তাদের দাবি মেনে নেয়া হয়।

এসময় ছাত্রদের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করা, ফেসবুকে শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য করা ইত্যাদি অভিযোগ আনে শিক্ষকরা। এর প্রতিবাদে এবং জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে ৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করতে থাকে শিক্ষকরা।
এর প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি রুয়েট প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স-এর পরিচালক অধ্যাপক ড. শহীদ উজ জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। স/অ









