ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর থেকে গত রোববার নিখোঁজ দুই শিশু সুমাইয়া ও মালিহার বস্তা বন্দি লাশ ২দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার একটি বাড়ির শয়ন কক্ষ থেকে বস্তাবন্দি লাশ দুটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, স্থানীয় লোকজন সন্ধ্যায় জনৈক ইয়াসিন আলীর বাড়ির একটি শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে লাশ দুটির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক বস্তা থেকে লাশ দুটি উদ্ধার করে সন্ধা ৭টায়। তাৎক্ষনিকভাবে হত্যার কারন ও কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষে সঠিক কারন জানা যাবে।
এ ঘটনায় ওই বাড়ির মালিক ভ্যান চালক ইয়াসিন আলী (৭৪), তার স্ত্রী তানজিলা খাতুন ও ছেলের স্ত্রী লাকী খাতুন (৩২)কে পুলিশ আটক করে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে স্কুল থেকে ফিরে মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা বাড়ির বাইরে খেলতে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই দিনই বিকালে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই এলাকা থেকে গীতা রানী নামে ওই দিন একজনকে আটক করে। দুই শিশুই স্থানীয় ছোটমনি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিল। এদের মধ্যে মেঘলা ক্লাশ ওয়ান এবং মালিহা নার্সারী শ্রেণীতে পড়তো।

স/শ









