
সিল্কসিটিনিউজ ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়লেও বয়স্ক ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় ভোটকেন্দ্রগুলোর বাইরে দেখা যায় দীর্ঘ লাইন।

মঙ্গলবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত ২২৯টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম, তবে সকাল ১০টা নাগাদ ভোটকেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।
উত্তর মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৫৮ বছর বয়সী তাপসী রানী দাস কালের কণ্ঠকে বলেন, ‘আঙুলের ছাপ মিলছিল না, তিনবার চেষ্টা করে ভোট দিয়েছি। এ ছাড়া ভোট দিতে কোনো ঝামেলা হয় নাই। ‘
সকাল ১০টায় একই ওয়ার্ডের মুলাটোল বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন ৮২ বছর বয়সী সোনাব আলী শিকদার। বার্ধক্যের ভারে ন্যুব্জ সোনাব আলী দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেও ভোট দিতে এসেছেন নাতির কাঁধে হাত রেখে। মুলাটোল বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শাহরিয়ার আরেফিন কালের কণ্ঠকে বলেন, ‘নিয়ম অনুযায়ী সোনাব আলী তাঁর নাতির সহায়তায় ভোট দিয়েছেন। বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ মিলতে অসুবিধা হচ্ছে, এ ছাড়া ইভিএম মেশিনে কোনো ত্রুটি দেখা যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাড়ে ১০টা নাগাদ ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, মোট ভোটার ২১৩৪ জন। ‘
এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডের আদর্শ বিদ্যালয় কেন্দ্র, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক ভোটকেন্দ্রে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। প্রতিটি ভোটকেন্দ্রেই প্রার্থীদের পোলিং এজেন্ট, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যস্ততা চোখে পড়ে। এ ছাড়া কেন্দ্রগুলোতে ইভিএম মেশিনে বড় ধরনের ত্রুটি দেখা যায়নি বলে জানান এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। তবে ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে রংপুর সিটির প্রান্তীয় ভোটকেন্দ্রগুলোতে। ২ নম্বর ওয়ার্ডের উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১ নম্বর ওয়ার্ডের রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারদের বিপুল উপস্থিতি। ভোট প্রদানে দীর্ঘ সময় লেগে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের।
রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোটার কেন্দ্রগুলোতে দুপুর ১২টা নাগাদ ৩৬৪ জন ভোট প্রদান করেন, মোট ভোটার ১৯৪৫ জন। একই সময়ে নারী ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ২৮৬ জন, মোট ভোটার ১৯০৫ জন।
ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম বলেন, ‘সকাল থেকে বিপুল পরিমাণ ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। এ জায়গায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে, তাই তাদের কাছে ইভিএম বিষয়টি নতুন, কেউ কেউ তো ব্যালট পেপারও খুঁজছিলেন। সব মিলিয়ে ভোটগ্রহণে একটু সময় বেশি লাগছে। ‘ কালের কণ্ঠ








