রাজশাহীর খবর

শিক্ষক হত্যায় জড়িত দুই জেএমবি সদস্যকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িত দুই জেএমবির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা করে পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ। আজ শুক্রবার দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

দৈনিক ইত্তেফাক ও জনকণ্ঠ পত্রিকায় আরএমপি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই জনের ছবি প্রকাশ করে বলা হয়, রাজশাহীর বাগামারা শ্রীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ও পঞ্চগড়ের দেবীধস থানার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়া ওরফে মুন্নার ছেলে নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট পলাতক আসামী। এদের সর্ম্পকে তথ্য দাতাদের রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা পুরষ্কার প্রদান করা হবে। তবে তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।

index
খোঁজ নিয়ে জানা যায়, শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন তিনি। গত ৪ জুলাই শরিফুলের সন্ধান চেয়ে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। অপরদিকে নজরুলের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটি নিউজকে বলেন, অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে পলাতক শরিফুল ও নজরুলের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তবে অনেক চেষ্টার পরও তাকে পাওয়া যাচ্ছে না। তাই তাদের ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করেছে আরএমপি।

 

তিনি আরো জানান, তারা দুজনই জেএমবির সক্রিয় সদস্য। এ মামলায় গ্রেপ্তার থাকা এক জেএমবি সদস্য রিমান্ডে তাদের সংশ্লিষ্টতার কথা জানান। পরে ওই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহনগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে কিছুটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রাবি শিক্ষার্থী হাফিজুর নামে এক শিবিরকর্মী পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন।

স/মি