সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাধারণত স্বাগতিকরা কিছু সুবিধা পেয়ে থাকে। চেনা কন্ডিশন, মাঠ, নিজেদের দর্শক। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভারত খুব বেশি সুবিধা পাবে না। ভারতের কোচ অনিল কুম্বলে, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলির কথায় তেমনটিই ফুটে উঠেছে।
কারণ, বাংলাদেশ ও ভারতের কন্ডিশন প্রায় এক। সে কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে লড়াইটা হবে সমানে সমান। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

তিনি বলেন, ‘আমি মনে করি লড়াইটা হবে সমানে সমান। এখানে কেউ এগিয়ে নেই। উপমহাদেশের কন্ডিশন এক। বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে আপনি উপেক্ষা করতে পারেন না। নিউজিল্যান্ডে তারা অসাধারণ খেলেছে। একদিনে টেস্টে ৩৫০ এর অধিক রান করাটা সত্যিই বিশেষ কিছু। যা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে। সারাদিন ৪.৫ গড়ে রান তোলাটাও বিশেষ কিছু। সুতরাং তাদের দলের কোনো দিকটাকেই আমরা খাটো করে দেখতে পারি না। তাদের দলে যোগ্যতা সম্পন্ন ও দক্ষ ক্রিকেটার রয়েছে।’
‘একমাত্র যে উপায়ে আপনি একটি টেস্ট জিততে পারেন তা হল- ধারাবাহিকতা, মাঠে কৌশলের ঠিকঠাক প্রয়োগ ও নিয়মানুবর্তিতা। আমি মনে করি আমরা এগুলোতেই দৃষ্টি দিয়ে খেলতে নামব। আমরা কেবল দক্ষতা দিয়ে লড়াই করব না। আমরা একটি পরিপূর্ণ দলগত পারফরম্যান্স যাই’- কোহলি যোগ করেন।
সূত্র: রাইজিংবিডি










