সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯৫ রান করেও টেস্টটি হেরে যায়। সঙ্গত কারণে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে মুশফিক বলেন, ‘এক থেকে সাত পর্যন্ত যে ব্যাটসম্যানরা খেলেন ইনিংস শুরু করা ও সেটাকে বড় করার দায়িত্ব তাদের। টেস্ট ক্রিকেটে ৬০-৭০-৮০ রান যথেষ্ট নয়। দলের সবাই সেটা জানে এবং আমি জানি তারা কী করার সামর্থ রাখে। যদি তারা ভালো একটি সূচনা পায় তাহলে তাদের পক্ষে বড় ইনিংস খেলা সম্ভব। একই সঙ্গে একজন খেলোয়াড়ের পক্ষে লম্বা ইনিংস খেলা সম্ভব নয় যদি তার সতীর্থদের সাপোর্ট না পায়। দুই বা তিনজন খেলোয়াড় বড় ইনিংস খেলবে। অন্যান্য ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করে তাদের সাপোর্ট দিবে। দলের সবাই এটার উপর অনুশীলন করেছে। কঠোর পরিশ্রম করেছে। আশা করছি এই টেস্টে তারা তার প্রমাণ দিতে পারবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হেরে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মুশফিক বলেন, ‘অবশ্যই একটু খারাপ লাগার বিষয়। তবে সেই হার থেকে আমরা বুঝতে পেরেছি যে টেস্টের শুধু এক ইনিংসে ভালো করাই যথেষ্ট নয়। টেস্টে দ্বিতীয় ইনিংস বলেও একটা ইনিংস রয়েছে। সেখানেও একটি দলকে ধারাবাহিকভাবে ভালো করতে হয়।’

সূত্র: রাইজিংবিডি










