সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

রাজশাহীর আরডিএ মার্কেটে নিজেরাই আগুন লাগিয়ে নেভালো ফায়ার সার্ভিস!

নিউজ ডেস্ক২৬ জুন ২০২২২ মিনিট পড়া
রাজশাহীর আরডিএ মার্কেটে নিজেরাই আগুন লাগিয়ে নেভালো ফায়ার সার্ভিস!


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সবচেয়ে জনবহুল আরডিএ মার্কেটে আগুন লাগিয়েছিল ফায়ার সার্ভিস কর্মীরা। এই আগুন ফায়ার সার্ভিস ইচ্ছে করেই লাগিয়েছিল। অবশ্য পরবর্তীতে তারা নিজেরাই তা নিভিয়েছেন। পাঠক হয়তো জনবহুল এই মার্কেটে ফায়ার সার্ভিসের আগুন লাগানোর বিষয়টি পড়ে অবাকই হচ্ছেন। হ্যা! আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে, তারা নিজেরাই আগুন লাগিয়েছিল।

তবে এই আগুন লাগানোর উদ্দেশ্য ছিল। আর সেটি হলো আশেপাশে পানির উৎস না থাকলে জনবহুল মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা কী কৌশল অবলম্বন করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাই মহড়া। আজ রবিবার (২৬ জুন) সকালে মার্কেট খোলার আগেই এই মহড়া চালায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘আশপাশে পানির কোনো উৎস নেই- এমন জনবহুল মার্কেটে আগুন লাগলে কী করণীয় তার প্রাথমিক ধারণা দিতে এই আগুন লাগানো হয়েছিল। মহড়ায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারের বিভিন্ন কলাকৌশল মার্কেটের ব্যবসায়ীদের দেখানো ও শেখানো হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের এই অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়ায় সহযোগিতাও করেন আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদের নেতৃত্বে মহড়া পরিচালনা করেন- সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রউফ। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ওই স্টেশনের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উপস্থিত ছিলো।

এএইচ/এস

ট্যাগ: