সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
লা লিগায় রোববার রাতে সেল্টা ডি ভিগোর মাঠ ভ্যালাইদোসে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের। তবে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ম্যাচটি ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে।
স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলে এই ঝড়ের কারণে এরই মধ্যে শুক্রবার দেপর্তিভো লা করুনা ও রিয়াল বেটিসের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। এই ঝড়ে ভ্যালাইদোস স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার কর্তৃপক্ষ মাঠ পরিদর্শন করেছেন। ম্যাচের দিন সকালে তারা আবার মাঠ পরিদর্শন করবেন। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে, খেলা হবে কি না। ভিগোর মেয়র অবশ্য জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে খেলা হওয়া অসম্ভব।
বর্তমানে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ করে বেশি খেলে সমান ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা ও সেভিয়া। শনিবার নিজেদের ম্যাচ জিতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এই দুই দলের।
সূত্র: রাইজিংবিডি










