সদ্য প্রকাশিত
খেলা

ম্যাচ ভেন্যুতে টাইগারদের অনুশীলন

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ম্যাচ ভেন্যুতে টাইগারদের অনুশীলন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রায় ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ভারতের মাটিতে বহু কাঙ্ক্ষিত টেস্ট ম্যাচ খেলতে সেখানে অবস্থান করছে টাইগাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের পর টাইগারদের এটাই প্রথম ভারত সফর। দীর্ঘ এই সময়ে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের।

 

গতকাল (বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি) টাইগাররা কলকাতা হয়ে টেস্টের ভেন্যু হায়দ্রাবাদে পৌঁছায়।

 

আগেই জানানো হয়েছিল শুক্রবার ও শনিবার অনুশীলন করবে বাংলাদেশ। এরপর আগামী রোববার ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ০৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকদের টেস্ট শুরু হবে।

 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) অনুশীলনে নামে টাইগাররা। হাতের ইনজুরি থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের সাদা পোশাকের দলপতি মুশফিকুর রহিমও নেমেছিলেন অনুশীলনে। ক্যাচ প্রাকটিস করেছেন তিনি। নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনের সঙ্গে ফুটবল ম্যাচেও মেতে উঠেছিলেন সফরকারী ক্রিকেটাররা।

 

২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট খেলবে মুশফিক বাহিনী। একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ০৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে।

 

ভারত সফরে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

 

১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে ২৩ জনের একটি দল ভারতে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরত আসার কথা রয়েছে বাংলাদেশ দলের।

সূত্র: বাংলা নিউজ