সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের প্রতীক হয়ে ওঠা এই ব্যাটসম্যানের উইকেট তুলে নিতে চান কামরুল ইসলাম রাব্বি।
আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলতে ২২ গজের লড়াইয়ে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজে ভালো খেলা কামরুলের খুব স্বাভাবিকভাবেই ভারত সিরিজে দলে থাকার কথা। যদি দলে থাকেন, সেক্ষেত্রে তার চোখ থাকবে বিরাট কোহলির উইকেটের দিকে।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বিরাট কোহলি এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অবশ্যই বড় খেলোয়াড়দের উইকেট নেওয়ার স্বপ্ন আছে। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন স্বপ্ন দেখতাম শচীন টেন্ডুলকারের উইকেট নেওয়ার। কিন্তু আমি এই পর্যায়ে খেলা শুরুর আগেই, উনি অবসর নিয়েছেন, তার উইকেট পাওয়ার চেষ্টাই করা গেল না।’ সঙ্গে যোগ করলেন, ‘তবে এবার ভারতে গিয়ে যদি খেলার সুযোগ পাই, তাহলে বিরাট কোহলির উইকেট পেয়ে জীবনে বড় একটি প্রাপ্তি যোগ করতে চাই।’
সূত্র: বাংলা ট্রিবিউন









