রাজশাহী

এবার এমপি আয়েনের কার্যালয়ে হামলার চেষ্টা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর অদূরে মতিহারের কাপাশিয়ায় মহানগর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের সংর্বধনা অনুষ্ঠানে হামলার জের ধরে এবার এমপি আয়েন উদ্দিনের কার্যালয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। সোমবার রাত আটটার দিকে নগরীর বহরমপুর বাইপাশ মোড় এলাকায় আয়েনের ব্যক্তিগত কার্যালয়ে এ হামলার চেষ্টা চালানো হয়।

 

এ হামলা চালানোর চেষ্টা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অনুসারীরা। তবে পবা-মোহনপুর আসনের এমপি ওইসময় তার কার্যালয়ে না থাকায় ফিরে আসেন আসাদের বিক্ষুব্ধ অনুসারীরা।

 

এমপি আয়েনের ঘোনিষ্টজনরা জানান, হামলার চেষ্টার সময় এমপি আয়েন মোহনপুরে একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ কারণে তিনি ওইসময় তার ব্যক্তিগত কার্যালয়ে ছিলেন না। ফলে কার্যালয়টিও বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের কয়েকজন অনুসারী লাঠি-সোঠা নিয়ে এমপি আয়েনের কার্যালয় ভাংচুর করতে যান। তবে ওই কার্যালয়টি বন্ধ থাকায় তারা পরে সেখান থেকে চলে আসেন।

 

জানতে চাইলে এমপি আয়েন বলেন, ‘কয়েকজন লোক নাকি আমার কার্যালয়ে হামলা করতে এসেছিল। তবে পরে তারা ফিরে গেছে বলে শুনেছি। তবে ওইসময় কার্যালয় বন্ধ ছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের অনুসারীরা এ ঘটনা ঘটায় বলেও দাবি করেন এমপি আয়েন।’

 

এর আগে সোমবার বিকেলে কাপাশিয়ায় মহানগর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের সংর্বধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে স্থানীয় এমপি আয়েন উদ্দিনের লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেন আসাদুজ্জামান আসাদ।

স/আর