নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রত্নতত্ব অবকাঠামোর উন্নতি সাধনের মাধ্যমে টেকশই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২১ কোটি ৯৫ লাখ টাকার একটি অনুদান রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদান করেছে ভারত সরকার। রবিবার বিকেলে এ অনুদান চুক্তির স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষে বিকেলে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত সরকারের পক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোঃ আমিনুল হক ও রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম চুক্তি স্বাক্ষর করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার, ফুটপাত নির্মাণ ও জলাধার নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইআরডি’র যুগ্ম সচিব কমলেশ কুমার দাশ, ভারতের সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায়।
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম এমপি, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনীর হোসেন ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন। অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরীর চাবি উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, রাসিকের কাউন্সিলর ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে অতিথিবৃন্দ নগরভবনে এসে পৌঁছলে তাঁদের নৃত্যের তালে তালে সুরের মূর্চ্ছনায় অর্ভ্যথনা জানানো হয়। পরে সেখানে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স/আর









