
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি তুলার মিল ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজারের দক্ষিণে বড়পই গ্রামের ইনডেক্স কলেজের পূর্ব পার্শ্বে এ ঘটনাটি ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি মালিকদের।

ভস্মীভূত মিল দুটির মালিক হলেন- ছোট বেলালদহ গ্রামের সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী নুরুন্নাহার বিবি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন অগ্নিকান্ডের ঘটনায় দু’টি মিল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের দিন তুলার মিল বন্ধ ছিল। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত হয়েছিল তা কেউ জানেনা। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিন রাত পৌনে ১০ টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এসময় তুলার মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ব্যাপারে মিলের মালিকরা জানান, রাত ১০ টার দিকে বাড়িতে তারা খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজনসহ ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন। ততক্ষণে মিলের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দু’টি মিলের সকল মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মিল মালিকেরা।
মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার শফিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আশেপাশের লোকজনসহ ক্ষতিগ্রস্থদের আতঙ্কিত না হয়ে ধৈর্য্যধারণের জন্য আহবান জানান তিনি।
জি/আর









