জাতীয়

যথাযথ সেবা প্রদানে পুলিশের প্রতি রাষ্ট্রপতির আহবান

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আইনের রক্ষক হিসেবে গণবান্ধব মনোভাব সৃষ্টি করতে যথাযথ সেবা প্রদানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, পুলিশ বাহিনীকে গণমুখি ও গণবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনকালে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।

 
বার্ষিক পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) বঙ্গভবনে পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

 
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘জান-মালের নিরাপত্তা পাওয়া জনগণের অধিকার। দেশ ও জাতির উন্নয়নে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এবং অনেক স্পর্শকাতর মামলার আসামিদের দ্রুত আটক করে বিচারের সম্মুখিন করার ক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘এতে সাধারণ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে।’

 
জাতিসংঘ শান্তি মিশনে পুলিশের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।’ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) এবং অন্যান্য কারিগরি বিষয়ে, বিশেষ করে সাইবার অপরাধ বন্ধে পুলিশ বাহিনীকে আরও সক্ষমতা অর্জনের পরামর্শ দেন।

পুলিশ সপ্তাহে ঊর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতির ফটোসেশন (ছবি: পিআইডি)নারী পুলিশিংয়ের পাশাপাশি নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জাতির জনক ১৯৭৪ সালে ১৪ জন নারীকে নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণের সূচনা করেছিলেন বলে জানান তিনি। এছাড়া, মাদক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিংয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।

 
রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ নিজ বিভাগে কৃতিত্বপূর্ণ অবদান ও বীরোচিত ভূমিকা রাখার জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্ত সবাইকে ধন্যবাদ জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান ও আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন