সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ১৮ ওভারে বাংলাদেশ ৫৩/১। ব্যাট করছেন সৌম্য সরকার (৩৩) ও মাহমুদউল্লাহ (১২)। ফিরে গেছেন তামিম ইকবাল (৮)।

প্রথম সেশনে তামিমের উইকেট: চতুর্থ দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডকে অলআউট করার পর তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার সময় সফরকারীদের স্কোর ১ উইকেটে ২০। তখনো বাংলাদেশ পিছিয়ে ৪৫ রানে।
শর্ট বলে আউট তামিম: অধিনায়কত্বের টেস্টে দুই ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারলেন না তামিম ইকবাল। প্রথম ইনিংসে টিম সাউদির বলে আউট হওয়ার আগে করেছিলেন ৫। দ্বিতীয় ইনিংসে ৮ রান করে আউট হলেন ওই সাউদির বলেই। শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৬৫ রানের লিড: চতুর্থ দিনে হেনরি নিকোলসের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৫৪ রানে। চতুর্থ দিন শেষ ৩ উইকেটে ৯৪ রান যোগ করে স্বাগতিকরা।
সোহানের দারুণ রানআউটে অলআউট নিউজিল্যান্ড: সাকিবের বল স্কয়ার লেগে ঠেলে দুই রান নিতে গিয়েছিলেন নিল ওয়াগনার। তবে দ্বিতীয় রান নেওয়ার সময় তাকে দারুণভাবে রানআউট করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। উইকেটের অনেকটা সামনে এগিয়ে গিয়েছিলেন তরুণ উইকেটকিপার। ফিল্ডারের থ্রো আসার পর তিনি পেছনে ফিরে তাকাননি, বল ছুড়ে ভেঙে দেন স্টাম্প।
টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প ভাঙার সময় বেশ ভেতরেই ছিলেন ওয়াগনার। কিন্তু ব্যাট মাটিতে ছোঁয়াননি, দুই পাও ভেসে ছিল শূন্যে, রানআউট। শেষ ব্যাটসম্যান হিসেবে ওয়াগনার আউট হন ২৬ রান করে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫৪ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। দুটি করে উইকেট জমা পড়ে মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির ঝুলিতে।
মিরাজের বলে সেঞ্চুরি-বঞ্চিত নিকোলস: সকাল থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে লিড এনে দেন হেনরি নিকোলস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে বিপজ্জনক হয়ে ওঠা বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন নিকোলস, কিন্তু বল তার ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। ১৪৯ বলে ১২টি চারে ৯৮ রান করেন নিকোলস। নিউজিল্যান্ডের স্কোর তখন ৯ উইকেটে ৩৪৩।
রিভিউ নিয়ে বাঁচলেন ওয়াগনার: তাসকিন আহমেদের বল নিল ওয়াগনারের পেডে লাগায় এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়াগনার। বলের সামান্য অংশ লেগ স্টাম্পের বাইরে পড়ায় বদলায় আম্পায়ারের সিদ্ধান্ত।
আবার তাসকিনের বলে ক্যাচ মিস: দ্বিতীয় নতুন বলে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। গালিতে নিল ওয়াগনারের সহজ ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের তাসকিনের বলে দ্বিতীয়বার ক্যাচ ছাড়লেন কোনো ফিল্ডার।
নিউজিল্যান্ডের তিন শ পার: দ্বিতীয় নতুন বল নেওয়ার আগের ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে টানা দুই চার হাঁকান নিকোলাস। তাতে তিন শ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের স্কোর।
নিউজিল্যান্ডের লিড: বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। সকালে টিম সাউদির উইকেট হারিয়ে প্রথম ইনিংসে লিড নেয় কিউইরা। ৭৯তম ওভারে সাকিবের বল নিল ওয়াগনারের পায়ে লেগে চার হওয়ার সময় বাংলাদেশের ২৮৯ রান পেরিয়ে যায় স্বাগতিকরা।
সাউদিকে ফেরালেন সাকিব: দিনের তৃতীয় ওভারে রাব্বির বলে সাউদির ক্যাচ ফেলেছিলেন মিরাজ। তবে দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ষষ্ঠ ওভারে সাকিবের বলে শর্ট এক্সট্রা কভারে সাউদির (১৭) ক্যাচ তালুবন্দি করেন মিরাজ। নিউজিল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ২৮৬।
ক্যাচ ফেললেন মিরাজ: দিনের তৃতীয় ওভারেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু কামরুল ইসলাম রাব্বির বলে স্লিপে টিম সাউদির ক্যাচ ফেলেন মেহেদী হাসান মিরাজ। সাউদির রান তখন ১৫।
তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উইকেট ভেজা থাকায় সেটি সম্ভব হয়নি। খেলা শুরু হয় স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা)। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ২৬০ রানে। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন।
সূত্র: রাইজিংবিডি










