সদ্য প্রকাশিত
খেলা

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হার

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শেষ ওয়ানডেতে ৩২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। কেদার জাদব ৫০তম ওভারের প্রথম বলেই ক্রিস ওয়াকসকে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বিশাল ছক্কা হাঁকান।

 
৫ বলে প্রয়োজন ১০। দ্বিতীয় বলে একই জায়গা দিয়ে চার মারেন জাদব। ৪ বলে প্রয়োজন ৬। পুরো ইডেন গার্ডেনে গর্জন। জয় হাতের নাগালে। কোহলি উদ্দীপ্ত। ধোনির মুখে চওড়া হাসি। পরের দুটি বল ডট দেন ওয়াকস।

ব্যাটে-বলে এক করতে না পারায় এবার ব্যাট বদল করেন জাদব। পঞ্চম বলে উড়িয়ে মারেন। ইডেনে সমুদ্রের গর্জন। কিন্তু মুহূর্তেই নিশ্চুপ। এক প্রকার পিনপতন নিরবতা। মূলত উড়িয়ে মারতে গিয়ে স্যাম বিলিংসের হাতে ডিপ পয়েন্টে ধরা পড়েন জাদব। ৭৫ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আস্তে আস্তে সাজঘরের পথে ফিরে যান কেদার জাদব।

শেষ বলে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ভারতের। ভুবনেশ্বর কুমার সপাটে ব্যাট চালান। কিন্তু ব্যাট আর বলের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয় না। বল গিয়ে জমা হয় উইকেটরক্ষক জস বাটলারের হাতে। কোনো রান হয়নি। ফলে শেষ ওয়ানডেতে ৫ রানের দারুণ এক জয় পায় ইংল্যান্ড।

এই জয় ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা করে ইংল্যান্ডকে। অবশ্য প্রথম দুটি ওয়ানডে দাপটের সঙ্গে জিতে নিয়ে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত।

রোববার বিকেলে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দারুণ উদ্বোধনী জুটির পর শেষ দিকে বেন স্টোকস ব্যাট হাতে ঝড় তোলেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ইনিংসে জ্যাসন রয় সর্বোচ্চ ৬৫ রান করেন। ৩৯ বলে ৪টি চার ও ২টি ছক্কার সমন্বয়ে অপরাজিত ৫৭ রান করেন বেন স্টোকস। ৫৬ রান করেন জনি বেয়ারস্টো। এ ছাড়া ইয়ান মরগান ৪৩ ও স্যাম বিলিংস ৩৫ রান করেন। ৩৪ রান আসে ক্রিস ওয়াকসের ব্যাট থেকে।

বল হাতে ভারতের হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

৩২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রানেই দুই উইকেট হারিয়ে বসে ভারত। এরপর বিরাট কোহলির ৫৫, যুবরাজ সিংয়ের ৪৫ ও ধোনির ২৫ রানে ভর করে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। এই তিনজন আউট হওয়ার পর কেদার জাদব ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টিম ইন্ডিয়া। তারা দুজন দ্রুত রান তুলতে থাকেন।

কিন্তু ২৭৭ রানের মাথায় পান্ডিয়া ৪৩ বলে ৪চার ও ২ ছক্কায় ৫৬ রান করে আউট হলে ব্যাকফুটে চলে যায় ভারত। কিন্তু তারপরও কেদার জাদবের উপর আস্থা ছিল ভারতের। কিন্তু ইনিংসের ১ বল আগে ৭৫ বলে ৯০ রান করে জাদব আউট হয়ে গেলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৬ রানেই থেকে যায় ভারতের ইনিংস। তাতে ৫ রানে জয় পায় ইংল্যান্ড।

বল হাতে ইংল্যান্ডের বেন স্টোকস ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস ওয়াকস ও জেক বল।

 

ব্যাট হাতে অপরাজিত ৫৭ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বেন স্টোকস।

সূত্র: রাইজিংবিডি