নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার তিন মাস পরেও কোনো কুল-কিনারা করতে পারেনি পুলিশ। অবশেষে এ মামলার তদন্তভার যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
ইফতেখায়ের আলম বলেন, রাবি ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর সংক্রান্ত একটি আদেশনামা এসেছে। দুই-তিন দিনের মধ্যেই মামলাটি পুলিশের কাছ থেকে হস্তান্তর করে সিআইডির কাছে দেয়া হবে। মামলার নথি পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করবে।
গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করা হয়।
ঘটনার দিন বিকেলে লিপুর চাচা বশির মোল্লা বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এর তিনদিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার দেখানো হয়। পরে ৮ নভেম্বর জজকোর্ট থেকে মনিরুল জামিন পায়। বর্তমানে তিনি জামিনে আছেন। তিন মাসেও তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি না হওয়ায় লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে লিপু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অশোক চৌহান। মামলার দায়িত্ব নেয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, অল্পদিনের মধ্যে দোষীদের শনাক্ত করা যাবে। তবে ঘটনার দুই মাস পরেও মামলার কোন কিনারা করতে পারেন নি তিনি।
গত বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অনত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি (তদন্ত) মাহাবুব আলম। তিনি দায়িত্ব পাওয়ার একমাসের মধ্যেই মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের আদেশ আসে।
মতিহার থানার ওসি মাহাবুব আলম মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার পুলিশ সদর দফতরের ক্রাইম সেল থেকে এ সংক্রান্ত আদেশের একটি চিঠি পেয়েছি। মামলার নথিপত্র আপডেট করে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে লিপু হত্যা মামলার তদন্তের ধীরগতিতে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
স/অ









