সদ্য প্রকাশিত
খেলা

কটকে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ পকেটে পুরল ভারত

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
কটকে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ পকেটে পুরল ভারত

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রবিবাসরীয় ইডেনে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নিল টিম বিরাট৷ বৃহস্পতিবার কটকের বারাবটি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে রুদ্ধশ্বাস জয় পেল ভারত৷ ৩৮২ রান তাড়া করে আট উইকেটে ৩৬৬ রান তোলে ইংল্যান্ড৷ যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির রাজকীয় সেঞ্চুরির পর বারাবটি দেখল ইয়ন মর্গ্যানের অধিনায়োখচিত ইনিংস৷

 

চার বছর পর ওয়ান ডে ক্রিকেটে ফের টিম ইন্ডিয়ার জার্সি চাপিয়ে স্বপ্নের প্রত্যাবর্তন যুবির৷ কঠিন পরিস্থিতিতে ব্যাট করে ১৫০ রানের রাজকীয় ইনিংস খেলেন ‘পঞ্জাব কা পুত্তর’৷ ১২৭ বলে যুবরাজের ইনিংস সাজানো তিনটি ছক্কা ও ২১টি বাউন্ডারিতে৷ ওয়ান ডে কেরিয়ারে চতুর্থদশ সেঞ্চুরির মালিক হলেন যুবি৷ ওয়ান ডে ক্রিকেটে এটাই যুবরাজের সর্বোচ্চ স্কোর৷ সেই সঙ্গে ইংল্যান্ডের ভারতীয়দের মধ্য সর্বাধিক রানের নজিরও গড়লেন যুবি৷ রাজকীয় ইনিংস খেলে ম্যাচের সেরা যুবরাজ৷

 

ধোনি করলেন ওয়ান ডে কেরিয়ারের তাঁর দশম সেঞ্চুরি৷ মাহির ১৩৪ রানের ইনিংস সাজানো হাফ-ডজন ছক্কা ও ১০টি বাউন্ডারিতে৷ এদিন ছ’টি ছক্কা মেরে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্য সর্বাধিক (১৯৬) ছয় মারার রেকর্ড গড়েন ধোনি৷ টপকে যান সচিন তেন্ডুলকরকে৷ ২০১৪ ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়ে চমকে দিয়েছিলেন ধোনি৷ এবার ইংল্যান্ড সিরিজের ঠিক আগেই ওয়ান ডে এবং টি-২০-র নেতৃত্ব ছেড়ে অবাক করে দেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷

 

ধোনি সরে দাঁড়ানোয় টেস্টের মতো ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটেও নেতৃত্বের ব্যাটনটা ওঠে বিরাট কোহলির হাতে৷ সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথম ম্যাচের ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন বিরাট৷ এদিন ক্যাপ্টেন ব্যর্থ হলেও ব্যাট হাতে জ্বলে উঠলেন প্রাক্তন ক্যাপ্টেন এবং বিস্ফোরক যুবি৷ চতুর্থ উইকেটে যুবির সঙ্গে জুটি বেঁধে ২৫৬ রান যোগ করেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

 

নেতৃত্বের চাপ না-থাকলেও দলের ব্যাটিং বিপর্যয় অভিজ্ঞ হাতে সামলান ধোনি৷ যুবরাজ শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেললেও ধোনি প্রথম দিকে দেখেশুনে খেলেন৷ তার পর স্বমহিমায় দেখা যায় মারকুটে মাহিকে৷ চার বছর পর ওয়ান ডে তে সেঞ্চুরির স্বাদ পান ধোনি৷ তাঁর শেষ ওয়ান ডে সেঞ্চুরিট ছিল ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে৷

 

যুবরাজ ও ধোনির জোড়া সেঞ্চুরিতে ৩৮১ রান তোলে ভারত৷ যা তাড়া করতে নেম শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে জেসন রয় ও অধিনায়ক মর্গ্যানের সেঞ্চুরিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড৷ রয় ৮২ রানে প্যাভিলিয়নে ফিরলেও ৮১ বলে পাঁচটি ছয় ও ছ’টি চার-সহ ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক৷ শেষ পর্যন্ত রান-আউট না-হলে ম্যাচের ফল অন্য হতেও পারত৷ মর্গ্যান প্যাভিলিয়নে ফেরার পর ইংল্যান্ডের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়৷ শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২২ রান৷ কিন্তু ভুবনেশ্বর কুমারের ওভারে মাত্র ৬ রান তোলে ইংল্যান্ড৷

 

ভারতীয় বোলারদের মধ্যে ভালো বল করেন রবীন্দ্র জাদেজা৷ ১০ ওভারে ৪৫ রান দিয়ে একটি উইকেট নেন জাদেজা৷ বাকিরা প্রত্যাকেই ওভার পিছু ৬-এর বেশি রান দেন৷ তিনটি উইকেট নিলেও ৬৫ রান খরচ করেন রবিচন্দ্রন অশ্বিন৷ আর দু’টি উইকেট নিলেও ৯ ওভারে ৮১ রান দেন জসপ্রীত বুমরাহ৷

ভারত-৩৮১/৬ (যুবি ১৫০ ও ধোনি ১৩৪)
ইংল্যান্ড-৩৬৬/৮ (মর্গ্যান ১০২, অশ্বিন ৩-৬৫)
১৫ রানে জয়ী ভারত, ম্যাচের সেরা যুবরাজ