রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রকাশিত চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’র ১২তম সংখ্যা প্রকাশিত হয়েছে।

আসছে একুশে বই মেলায় লিটল ম্যাগাজিন চত্বরে এবং শাহবাগের বিভিন্ন বইয়ের দোকানে জার্নালটি পাওয়া যাবে। বুধবার ম্যাজিক লণ্ঠনের সম্পাদক অধ্যাপক কাজী মামুন হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ-মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশিত হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারে বর্ষ ৬, সংখ্যা ১২তেও বিভিন্ন বিষয়ে ২৯টি প্রবন্ধ রয়েছে। সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্রের কবিখ্যাত নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি স্মরণে তার চলচ্চিত্র এবং তার সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে এই জার্নালে।
এছাড়া চলচ্চিত্রের বর্তমান, চলচ্চিত্রবীক্ষণ, চলচ্চিত্র সমালোচনা, ম্যাজিক আড্ডা, ম্যাজিক পুনর্পাঠ, সাক্ষাৎকার, ধ্রুপদী চলচ্চিত্র ও নির্মাতা, চলচ্চিত্রের বই এবং সংবাদপত্র-টেলিভিশন-নিউমিডিয়া নামে নিয়মিত বিভাগে রয়েছে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রবন্ধ।
প্রসঙ্গত, ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু করে ২০১১ সালে। প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত প্রকাশ করে আসছে সংগঠনটি। ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে।
স/আর










