সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ালেও তৃতীয় ওয়ানডের পুনরাবৃত্তি টানতে ব্যর্থ হয়েছেন রুমানা আহমেদরা। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে হোম সিরিজ জয়ের আশাটা পূরণ হলো না। প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ২৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে সবকটি উইকেট হারিয়ে ১৫৭-তে থামে টাইগ্রেসদের ইনিংস।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা। শুক্রবার (২০ জানুয়ারি) পঞ্চম ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে। খেলা শুরু যথারীতি সকাল সাড়ে ৯টায়।
দলের সিরিজ হারের দিনে ৬৭ রানের (১৪৪ বলে) ইনিংস খেলেন ফারজানা হক। ওপেনার শারমিন আকতার ১৪, শায়লা শারমিন ১৫ ও সালমা খাতুনের ব্যাট থেকে আসে ৩০। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক রুমানা আহমেদ।
প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবোঙ্গা খাকা তিনটি, মোসেলিন ড্যানিয়েলস ও মার্সিয়া লেতসোয়ালো দু’টি করে উইকেট দখল করেন। বাকি উইকেটটি নেন ম্যারিজেন ক্যাপ।
এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক ডেন ফন নাইকার্ক। নির্ধারিত ওভার শেষে তারা স্কোরবোর্ডে সাত উইকেটে ২৫১ রান তোলে।
ওপেনিংয়ে ৩৮ রানের পার্টনারশিপে ভালো সূচনা এনে দেন লিজেলে লি (২৮) ও আন্দ্রে স্টেইন (১৪)। ৭৪ রানের তৃতীয় উইকেট জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন মিগনন ডু প্রিজ ও ক্লোয়ে ট্রায়ন। ৭৯ রানের ইনিংস উপহার দেন প্রিজ। তিন রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ট্রায়ন।
এছাড়া মারিজান ক্যাপ ২০, সুনে লুস ১৬, সিনোলা জাফটা ১২ রান (রানআউট) করে আউট হন। নাইকার্ক ২৬ রানে অপরাজিত থাকেন।
আগের ম্যাচসেরা অফস্পিনার খাদিজাতুল কুবরা তিনটি উইকেট লাভ করেন। লেগস্পিনার রুমানা আহমেদ দু’টি ও একটি উইকেট নেন পেসার জাহানারা আলম।
সূত্র: বাংলা নিউজ










