সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি নেতারা আন্দোলনের কর্মসূচি ডেকে রাস্তায় না থেকে ঘরে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এ সময় বারবার অনুমতি চাওয়ার পরও সভা-সমাবেশ করতে না দিলে পরে বিএনপি আর অনুমতির অপেক্ষা করবে না বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আসলে রিজভী বা কে কী বলল। বিএনপি নেতৃবৃন্দ এখন অন্ধকারে ঢিল ছোড়ে। তাদের অভিযোগের পেছনে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এই যে নারায়ণগঞ্জ ইলেকশন নিয়ে তারা বলল। নারায়ণগঞ্জ ইলেকশন এমন ফ্রি, ফেয়ার মডেল নির্বাচন সাম্প্রতিককালে বাংলাদেশে হয়নি। সব মহলে প্রশংসিত হয়েছে। সেটা নিয়েও তাদের সন্দেহ। তাদের সন্দেহটা কোন জায়গায় নেই? সব ব্যাপারে তারা সন্দেহের চোখে দেখে। তারা সব ব্যাপারে অন্ধকারে ঢিল ছোড়ে। আসলে তারা সত্য খুঁজে পায় না। আমি এ জন্যই বলি বিএনপির নামটা এখন পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত। কারণ নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। তারা নালিশনির্ভর পার্টিতে পরিণত হয়েছে।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কর্মসূচি দেয়। নেতারা ঘরে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখে। তারা কেউ বাইরে যায় না। রাস্তায় বের হয় না। তো কর্মীরা কী করে আন্দোলনে শরিক হবে? আমি শুধু বিএনপিকে একটা বিষয় বলতে চাই, জাম্বুজেট মার্কা কমিটিটা করলেন, এত সাহস যদি থাকে ওই কমিটির ৫৯৬ জন সদস্য আছে মোট, নেতা আছে। এই ৫৯৬ জন ঢাকায় একটা মিছিল করে দেখাক। তারপর বুঝব তাদের কত সাহস।’
এ সময় ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে সাতজন চালককে ১৫ দিন করে কারাদণ্ডাদেশসহ অর্থদণ্ড দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।
ওবায়দুল কাদের তখন হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।
সূত্র: এনটিভি










