আন্তর্জাতিক

বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১৬

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান কিরগিজস্তানে কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।

নিহতদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, নিহতদের মধ্যে ওইসব বাড়ির কয়েকটি শিশু রয়েছে।

কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বিশকেকের অদূরে মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৪৭ বিমানটি।

মানাস হলো কিরগিজস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা পৌঁছেছেন সেখানে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

হংকং থেকে মানাস বিমানবন্দর হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানটি। কিন্তু মানাসে অবতরণের আগে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

ঘন কুয়াশায় দূরবর্তী বস্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে এ কারণে না কি অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বিমান আছড়ে পড়ায় বিধ্বস্ত বসতবাড়ি থেকে আগুন ও ধোয়ার কু-লী উড়ছে।

 

 

সূত্র :রাইজিংবিডি