সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। সেই ইনজুরি সেরে টেস্টে খেলতে নেমেছিলেন।
ব্যাট করার সময় দুই হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। সেই চোট নিয়েও ব্যাট করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। ১৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়েন।

তাদের দুজনের ব্যাটিং দৃঢ়তায় শুক্রবার স্বপ্নের মতো একটি দিন পায় বাংলাদেশ। শনিবারও তেমন একটি দিনের অপেক্ষায় ছিল বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটভক্ত। কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণার পর ফিল্ডিং করতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু একী! অধিনায়ক মুশফিকুর রহিম নেই মাঠে!
তার পরিবর্তে উইকেটের পেছনে গ্লাভস হাতে ইমরুল কায়েস। গতকাল তো ভালোই ব্যাট করেছেন মুশফিক। আজ হঠাৎ কী হল। সবাই জানার অপেক্ষায় ছিল। কিন্তু পরে জানা যায় ব্যাট করার সময় দুই হাতের আঙ্গুলেই ব্যথা পান মুশফিক। তখন তেমন কোনো সমস্যা না হলেও রাতে আঙ্গুল ফুলে যায়। সঙ্গে ব্যথা। সকালেও ব্যথা কমেনি। তাই তাকে আঙ্গুলের এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয়।
অবশ্য এক্স-রেতে আঙ্গুলে কোনো চিড় ধরা পড়েনি। তবে তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণ রাখা হয়েছে। এর মধ্যে ব্যথা না কমলে উইকেটের পেছনে আর দাঁড়াবেন না তিনি। তবে দ্বিতীয় ইনিংসে যদি প্রয়োজন হয় তাহলে ব্যাট হাতে মাঠে নামলেও নামতে পারেনি অধিনায়ক মুশফিক। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
সূত্র: রাইজিংবিডি










