রাজশাহী

প্রেম করে বিয়ে করায় নগরীতে মামা শ্বশুরের ছুরিকাঘাতে জামাই নিহত

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে প্রেম করে বিয়ে করার জেরে মামা শ্বশুরের ছুরিকাঘাতে সোহেল ইসলাম(১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহত সোহেল নগরীর বালিয়াপুকুর এলাকার আবদুল আলীমের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

 

নিহতের মা জাহানারা বেগম (৫০) জানান, প্রায় ৬ মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন লাভলু। তার শ্বশুর বাড়ি নগরীর বাসার রোড এলাকায়। বিয়ের পর লাভলু তার স্ত্রী তাসনুভা ইসলাম তানিমকে (১৮) নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। তবে তার শ্বশুর বাড়ির লোকজন তাদের বিয়ে মেনে  নেন নি।

 

এ নিয়ে তারা বিভিন্ন সময় লাভলুকে হত্যার হুমকি দিতেন। পরে বৃহস্পতিবার দুপুরে লাভলুর মামা শ্বশুর চঞ্চলসহ আরও কিছু অজ্ঞাত ব্যক্তি বালিয়াপুকুর সেরিকালচার গেটের সামনে তার ওপর হামলা চালান। এ সময় চঞ্চল তার পিঠে কয়েকটি ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যান। এরপর স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

 
হাসপাতাল পুলিশ জানায়, দুপুর ২টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়।

 
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

স/আর