নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মোশারফ হোসেন (৪০) নামের এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারী। এসময় ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেলটি।
এবিষয়ে নাটোর লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার সীমান্তবর্তী বাদলীবাড়ি এলাকার তিনখুটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক এবং বাঘা উপজেলার পীরগাছাড়া এলাকার মোহাম্মাদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালপুর-বাঘার সীমান্তবর্তী বাদলিবাড়ি তিনখুটি এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় মোশারফ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা আহত মোশারফকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/আ









