সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। আর সিদ্ধান্ত শুরুতেই বাংলাদেশের অনুকূলে গেছে। প্রথম বলেই মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন স্বাগতিক ওপেনার লুক রনচি, উইকেট শিকারি ছিলেন মাশরাফি।
এরপর একপাশে কলিন মুনরো ব্যাটে ঝড় তুললেও কেন উইলিয়ামসন বেশিদূর এগোতে পারেননি। গত ম্যাচের নায়ক কেন উইলিয়ামসনকে মাত্র ১২ রানে তামিম ইকবালের ক্যাচ বানান সাকিব আল হাসান। কোরি এন্ডারসন ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের তৃতীয় বলে মাত্র ৪ রান করে মোসাদ্দেক হোসেনের কাছে বোল্ড হন তিনি। ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

কিন্তু কলিন মুনরো শুরু থেকে আগ্রাসী ছিলেন। যার ফলে ৩১ বলে পঞ্চাশ ছোঁন তিনি। সেখানেই থেমে যাননি মুনরো। হাফসেঞ্চুরিকে নিয়ে যান তিন অঙ্কের ঘরে। মাত্র ৫২ বলে ৭টি করে চার ও ছয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি।
১৬ ওভার শেষে ৩ উইকেটে ১৬৩ রান স্কোরবোর্ডে জমা করেছে নিউজিল্যান্ড। অপর প্রান্তে ছোটখাটো ঝড় তুলেছেন টম ব্রুস, ২৮ বলে ৪৩ রানে অপরাজিত তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন










