সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহর অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ১৪২ রান। তবে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছেন মুস্তাফিজ-রুবেলরা। প্রথম চার ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখার সময় ৫ ওভার শেষে কিউইদের স্কোর : ৩৪/২।
ওয়ানডে সিরিজের দলে সুযোগ না পাওয়ার পর টি-টোয়েন্টিতে দারুণভাবেই ফিরেছেন রুবেল হোসেন। নিজের প্রথম ওভারেই সাজঘরমুখী করেছেন কিউই ওপেনার নেইল ব্রুমকে। বাউন্ডারি লাইনে অসাধারণ এক ক্যাচ ধরেছেন সাকিব আল হাসান। পরের ওভারে কলিন মুনরো ফিরে গেছেন মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে। রানের খাতা না খুলেই বিদায় নিতে হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। তবে বাংলাদেশের দুশ্চিন্তা হয়ে উইকেটে টিকে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যাট করছেন ২৪ রান নিয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত তিন-চারটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহর ৫২ রানের লড়াকু ইনিংসে ভর করে শেষ পর্যন্ত মাশরাফি বাহিনী পেয়েছে লড়াই করার মতো পুঁজি। মোসাদ্দেক হোসেন সৈকতের ২০, সাব্বির রহমানের ১৬, সাকিবের ১৪ রানের ছোট ইনিংসগুলোও বড় অবদান রেখেছে স্কোরবোর্ডে ১৪২ রান জমা করার পেছনে।
সূত্র: এনটিভি










