রাজশাহী

রামেক হাসপাতাল ভবনে রডের পরিবর্তে বাঁশ: এবার তদন্তে দুদক

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে লিফটের সামনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি নিয়ে এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুদক বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

 

  • দুদকের তদন্ত সম্পর্কে উপপরিচালক শেখ ফাইয়াজ আলম সিল্কসিটি নিউজকে বলেন, ‘কেন রডের পরিবর্তে বাঁশ ব্যবাহর করা হলো, বা ভবনটি নির্মাণ করতে গিয়ে আর কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, দুদকের রাজশাহীর উপপরিচালক শেখ ফাইয়াজ আলমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে আসেন। দুদকের তদন্তকাজ চলাকালীন সে সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের লতিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা।

100721a

এসময় লতিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ‘লিফটের সামনে বাঁশ ব্যবহার করা হয়েছে। তবে বিষয়টি প্রথমে আমরা টের পাইনি। কিন্তু পরে মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশ হলে বাঁশগুলো সরিয়ে নেওয়া হয়।’

এদিকে গণপূর্ত বিভাগে একাধিক সূত্র জানায়, ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পরে সেটি বুঝিয়ে নেন নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম। তিনিই ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে যেন-তেনভাবে তড়ি-ঘড়ি করে ভবনটি বুঝে নেন। ফলে ভবনে বাঁশ ব্যবহার হলেও সেটি গায়ে তুলেননি লতিফুল ইসলাম।

 

  • প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাতে রামেক হাসপাতালের তৃতীয় তলার লিফটের সামনে টাইলসের নিচে বাঁশ দেখা যায়। এ নিয়ে ওই দিনই সিল্কসিটি নিউজে খবর প্রকাশ হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরবর্তিতে গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণায়ল থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

 

পরে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের ওই কমিটি গত ১৮ নভেম্বর হাসপাতালে এসে তদন্ত করে যান। তবে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।

স/আর