সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি যেখানে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির প্রস্তাবকে গঠনমূলক ও সাধুবাদ জানিয়েছেন, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংশয় থাকাটা অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কথা শুনে আমাদের নিজেদেরই এখন সংশয় দেখা দিয়েছে। তারা আসলে কী চান? যেখানে মহামান্য রাষ্ট্রপতি সাধুবাদ জানিয়েছেন, সেখানে সংশয় থাকার কোনো অবকাশ দেখছি না।’
তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ সফল হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সালিশ মানি কিন্তু তাল গাছটা আমার- এ যদি বিএনপির নীতি হয়, তাহলে আজকের সংলাপ সফল হবে না।’
রিজভী বলেন, আজ বিপন্ন গণতন্ত্র থেকে গণতন্ত্রের শুভযাত্রার একটা ইঙ্গিত, একটা আলোর রেখা আমরা দেখতে পেলাম। এটাকে যদি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন যে তার সংশয় আছে, তাল গাছটা আমার চাই। তাহলে কী তাল গাছটা আপনাদের হলেই ঠিক হবে? হবে না, তাল গাছটা হতে হবে সবার।
তিনি বলেন, ‘দেশের সংবিধানে নির্দেশনা আছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইন তৈরি করতে হবে। আওয়ামী লীগ ও সরকারের যদি সদিচ্ছা থাকে যে, যদি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর তাগিদ থাকে, তাহলে অবশ্যই একটি শক্তিশালী সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করা উচিত।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। তাই নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে যুবলীগ-ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। কাজেই এই সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী নির্বাচন পুরোনো চেহারায় ফিরে যায় কি না সেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।’
সংবাদ সম্মেলনে ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
সূত্র:রাইজিংবিডি










