নিজস্ব প্রতিবেদক,নাটোর:
খাস জমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সামাদ মোল্লা (৪৫) নামের একজন নিহত হয়েছেনন। আহত হয়েছেন আরও অন্তত ৭জন আহত হয়েছে। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুচকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সামাদ মোল্লা চাদপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল সিল্কসিটি নিউজকে জানান, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেনের মধ্যে।
শনিবার বেলা ১১টার দিকে বিরোধ পূর্ণ ওই খাস জমি দখল করতে চায় সোহরাব হোসেনের সমর্থকরা। এ সময় খলিলুর রহমান গ্রুপের সমর্থকরা বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সামাদ মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের মধ্যে সোহরাব হোসেন এবং রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হাফিজুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সামাদ মোল্লার ময়নাতদন্ত চলছিল।
স/শ









