নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের ১০ দিন পরে বাঁশবাগানের ভেতর থেকে এক আদিবাসী শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পোড়াভিটা এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু হলো, ওই গ্রামের শম্ভুনাথ পাহাড়িয়ার ছেলে দেব কুমার পাহাড়িয়া (৬)। পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর বাবা শম্ভুনাথ বলেছেন, প্রায় ১০দিন ধরে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়েছিল।

এদিকে নিহত শিশু দেবের মা আরতি রাণী দাবি করেছেন, শম্ভুনাথের সঙ্গে তার বেশ কিছু দিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে নাটোর জেলার লালপুর গ্রামের অনিল কুমারের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সৎবাবা অনিল ছেলেকে হত্যা করেছে বলে দাবি করেন মা আরতি রানী।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন সিল্কসিটি নিউজকে জানান, বাঁশবাগান থেকে শিশুটির অর্ধগলিত লাশ স্থানীয়রা দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটিকে কে বা কারা হত্যা করেছে। তবে শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অনিল কুমারকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
স/শ









