নাটোর

 হাইকোর্টের নির্দেশে ভাঙ্গা হলো দুই রাজাকারের নামে গড়া রাস্তার নামফলক

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
রাজাকারের নামে নামকরণ করা নাটোর শহরের দু’টি সড়কের নাম ফলক হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়া এবং বড়হরিশপুর কছের উদ্দিন নামের দুই রাজাকারের নামে তৈরী করা নাম ফলক দুটি ভেঙ্গে ফেলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এসময় স্থানীয়¡ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

 

২০১২ সালে মেয়র থাকাকালীন সময় শহরের ট্রাফিক মোড় থেকে হাসপাতাল সড়কের নামকরণ করেন সাবেক পৌর মেয়র বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন। সে সময় বিরোধীতাকারী মুসলিম লীগ নেতা স্বাধীনতা পরবর্তী প্রকাশিত কলাবরেটর তালিকার ১০ নম্বর অভিযুক্ত রাজাকার আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়ার নামে নামকরণ করা হয়। অপরদিকে শহরের বড়হরিশপুর এলাকার চেয়ারম্যান সড়কের নাম পরিবর্তন করে কলাবরেটর তালিকার ১৭ নম্বর অভিযুক্ত রাজাকার কছের উদ্দিনের নামে নামকরন করা হয়।

natore-2-road-named-by-2-war-criminal-cancel-pic-02-15-12

এরপর গত ৬ ডিসেম্বর সারা দেশে মানবতাবিরোধিদের নামে নামকরন করা সকল ফলক ভেঙ্গে ফেলার নির্দেশনা জারী করেন হাইকোর্ট। সেই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর পৌরসভা চত্ত্বর থেকে মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে মুক্তিযোদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে রাজাকার আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক ভেঙ্গে ফেলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন এবং পৌর মেয়র উমা চৌধুরী জলি। এছাড়া অপরটি বড়হরিশপুরের চেয়ারম্যান রোড়ের কছের উদ্দিন চেয়ারম্যানের নামে ফলকটিও ভেঙ্গে ফেলা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র উমা চৌধুরী জলি বলেন, রাজাকারদের নামে নাটোর পৌরসভার কোন রাস্তার নামকরন থাকবেনা। পৌরসভার সকল রাস্তার নাম করণ হবে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে। এক কারনে রাজাকার আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়ার নাম ফলক ভেঙ্গে মুক্তিযোদ্ধা মোতাহার আলী ও চেয়ারম্যান রোডের নামকরণ করা হবে বীরপ্রতীক সোলেমান আলীর নামে।
জেলা প্রশাসক শাহিনা খাতুন সিল্কসিটি নিউজকে বলেন, নাটোর শহরে কোন রাজাকারের নাম থাকবেনা। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে নাটোরের দুটি কুখ্যাত রাজাকারের নামে নামকরণ করা সড়কের ফলক দুটি ভেঙ্গে ফেলেছি।
সমাবেশে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, শাজাহান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম নান্টু, মুক্তিযোদ্ধার সন্তান রুহুল আমীন বিপ্লব সহ অন্যান্যরা।

স/শ