নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ইউনিয়ন ডিজিটাল সেন্টার তৃণমূলের তথ্যজানালা প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কমিউনিকেশন স্পেশালিস্ট এল আ্ই সিটি প্রকল্প আ্ইসিটি বিভাগের অজিত কুমার সরকার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবেদন ও ফিচার লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তুলছে, যাতে তাঁরা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমসহ মুক্তিযুদ্ধের অজানা সব ঘটনাবলী লিখে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারেন। তৃণমূলের মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে যতো বেশি লেখালেখি হবে তা মূলত মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।


প্রধান অতিথির বক্তব্যে, রাসিক সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ডিসেম্বর মাস নানা কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শুরু হয়েছিল গ্রাম থেকে। দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয় এবং এসব সেন্টারে কর্মরত প্রায় ১০ হাজার উদ্যোক্তা প্রতিনিয়ত গ্রামের মানুষকে বিভিন্ন ধরণের তথ্য ও সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় এসব উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তাঁরা কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরতে পারেন। একই সঙ্গে তারা গ্রাম এলাকার মুক্তিযুদ্ধের ঘটনা লিখে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মাধ্যমে মানুষকে জানাতে পারেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শহর ও গ্রামের মধ্যে কোন বিভেদ রাখেন নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষের বাস গ্রামে। তাদের কথা চিন্তা করেই তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করেছেন, যাতে গ্রামের মানুষও তথ্যপ্রযুক্তির সুবিধা এবং সেবা পায়।
স/শ










