রাজশাহীর খবর

নিম্নচাপের কারণে রাজশাহীতেও বৃষ্টি, শীতের আগমন বার্তা

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২০২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে রাজশাহীতেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত ও বাতাসের ফলে হালকা শীতও নামতে শুরু করেছে। বলা যায় শীতের আগমন বার্তা দিচ্ছে এই বৃষ্টি।

শুক্রবার সকাল ৬টায় আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি উচ্চতায় বাতাসের তোড়ে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

রাজশাহীতে সকাল থেকে আকাশ মেঘলাসহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্চে। তবে বেলা ১১টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। সঙ্গে বাতাসও রয়েছে। ফলে শীতের আবহ্ তৈরী হয়েছে।

নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে।

এদিকে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

স/আর

ট্যাগ: