নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা অবহেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ফায়ারম্যান রাজু আহম্মেদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম অভিযোগ করে জানান, গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর পৌনে ১টার দিকে রামেক হাপসাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে ধরা পরে তার নাড়ি ফুটো হয়ে গেছে। কিন্তু চিকিৎসকরা রাতে জরুরীভাবে অস্ত্রোপচার না করে সকাল ৯টার পর সময় দেন। কিন্তু অস্ত্রোপচারের আগেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজু মারা যান।
এ ব্যাপারে তাদের ডিডির মাধ্যমে চিকিৎসা অবহেলার কথা উল্লেখ করে তারা রামেক হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিবেন বলেও জানান শরীফুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম জানান, মৃত্যুকালে ফায়ারম্যান রাজু আহম্মেদ বয়স হয়েছিলো ২২ বছর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা আত্মীয়স্বজনসহ অনেকগুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাযা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। তার জানাযায় উপস্থিত ছিলেন, সদর দফতরের উপপরিচালক নুরুল ইসলাম, ফোরম্যান আখতার হামিদ, সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম, ওয়ার হাউজ ইন্সপেক্টর শহীদুল ইসলাম, এনায়েত-উল-হক, এসও ওমর ফারুকসহ দফতরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।
প্রথম নামাজে জানাযা শেষে তার মরদে তার নিজের বাড়ি বাগমারা উপজেলায় শিকদারি হামিরকুৎসা নিয়ে যাওয়া হয়।
সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে সহকর্মীসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স/আর









